সম্প্রতি পুলিশের বিভিন্ন নির্দেশনা, গোয়েন্দা সতর্কবার্তা এবং অভ্যন্তরীণ মূল্যায়ন সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভেতরেই। সর্বশেষ আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে পুলিশ সদর দপ্তরের একটি সতর্কবার্তা প্রকাশ্যে চলে আসে। এরপর নতুন করে প্রশ্ন উঠেছে, তথ্য ফাঁসের উৎস কোথায়? এটি কি প্রশাসনের অভ্যন্তরে সক্রিয় কোনো অদৃশ্য নেটওয়ার্কের কাজ। নাকি প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে কেউ?
সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি শুধু একটি তথ্য ফাঁসের ঘটনা নয়; বরং রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা এক অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত।
গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা প্রতীকী কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি বা স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কার কথাও বলা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বার্তাটি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মূল প্রশ্ন কর্মসূচি নয়; বরং সীমিত পরিসরে ব্যবহারের জন্য প্রস্তুত করা একটি বার্তা কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে জনসমক্ষে চলে এলো।
তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে পুলিশের বিশেষ অভিযান সংক্রান্ত নির্দেশনা, গোয়েন্দা সতর্কবার্তা, নজরদারি তথ্য, নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদন এবং বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগপত্রও প্রকাশ্যে চলে আসার একাধিক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কোনো কোনো ক্ষেত্রে এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর কাছেও পৌঁছে গেছে।
এতে প্রশ্ন উঠেছে, পুলিশের ভেতরে কি এখনো সক্রিয় রয়েছে পতিত সরকারের রাজনৈতিক আনুগত্যভিত্তিক কোনো নেটওয়ার্ক?
পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সংবেদনশীল নিরাপত্তা তথ্য ফাঁসের প্রবণতা বেড়েছে। ফলে অনেক ক্ষেত্রেই অভিযানের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রূপালী বাংলাদেশকে বলেন, অনেক সময় এমন তথ্য বাইরে চলে যাচ্ছে, যা শুধু হাতেগোনা কয়েকজন কর্মকর্তার জানার কথা। এতে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। তিনি বলেন, তথ্য ফাঁসের উৎস শনাক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গোয়েন্দা বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনার পেছনে কয়েকটি আশঙ্কা রয়েছে। প্রশাসনের ভেতরে পতিত সরকারের রাজনৈতিকভাবে প্রভাবিত কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন। আবার ডিজিটাল যোগাযোগব্যবস্থার দুর্বলতা কিংবা অননুমোদিত শেয়ারিংয়ের মাধ্যমেও তথ্য বাইরে চলে যেতে পারে। মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর অসতর্কতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিকভাবে একই ধরনের ঘটনা ঘটতে থাকলে বিষয়টিকে শুধু অসাবধানতা বলে ব্যাখ্যা করা কঠিন।
একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, গোপন তথ্য ফাঁস মানে শুধু একটি নথি বাইরে যাওয়া নয়; এর মাধ্যমে পুরো অপারেশনাল কাঠামো এবং প্রশাসনিক নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নিরাপত্তা পরিকল্পনা আগেভাগে প্রকাশ হয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কৌশল অনেকাংশে অকার্যকর হয়ে পড়ে। যাদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা থাকে, তারা সতর্ক হয়ে যায়। নজরদারির আওতায় থাকা ব্যক্তি বা গোষ্ঠী অবস্থান পরিবর্তন করে। অনেক ক্ষেত্রে অভিযানে অংশ নেওয়া সদস্যদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।
নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায়, রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থার অন্যতম ভিত্তি হলো তথ্যের গোপনীয়তা। সেই জায়গায় দুর্বলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো নিরাপত্তাকাঠামো। তাদের মতে, নিরাপত্তা পরিকল্পনা ফাঁসের সবচেয়ে বড় সুবিধাভোগী রাষ্ট্র নয়; বরং সেইসব গোষ্ঠী, যারা আইনশৃঙ্খলাব্যবস্থার দুর্বলতা কাজে লাগাতে চায়।
বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণের প্রভাব প্রশাসনের বিভিন্ন স্তর থেকে পুরোপুরি মুছে যায়নি। ক্ষমতার পরিবর্তনের পর পুনর্বিন্যাস হলেও ব্যক্তিগত সম্পর্ক, পুরোনো আনুগত্য কিংবা মতাদর্শগত অবস্থানের প্রভাব কিছু ক্ষেত্রে এখনো থাকতে পারে। তবে তারা সতর্ক করে দিয়ে বলছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা সমীচীন নয়। বিষয়টিকে রাজনৈতিক বিতর্ক নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহির আলোকে দেখা প্রয়োজন।
অপরাধ ও সমাজ বিশ্লেষক ড. তৌহিদুল হক রূপালী বাংলাদেশকে বলেন, পুলিশ কোনো অস্থিতিশীলতা বা অপরাধের আশঙ্কায় সতর্কতামূলক বার্তা দেয়। সেই বার্তা যদি বাহিনীর বাইরে চলে যায়, তাহলে ধরে নিতে হবে, ভেতর থেকেই কেউ না কেউ তথ্য সরবরাহ করছে। পুলিশের নিজস্ব সিদ্ধান্তের খবর আগেভাগে ছড়িয়ে পড়া মোটেও শুভ লক্ষণ নয়। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। কিন্তু যখন সরকারি কোনো নথির হুবহু কপি বাইরে আসে, তখন সেটি অবশ্যই উদ্বেগের বিষয়। এ ক্ষেত্রে বাহিনীকে আরও সতর্ক ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, এসব মূলত অতিগোপনীয় বার্তা নয়। বিভিন্ন সময় বাহিনীকে সতর্ক করতে এ ধরনের বার্তা দেওয়া হয়। কোনো না কোনোভাবে তা ছড়িয়ে পড়তেই পারে। তবে এ ধরনের ঘটনা নজরে এলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। বিষয়টিও খতিয়ে দেখা হবে।
সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, বাহিনীর ভেতরে আগের সরকারের সময় নিয়োগ পাওয়া অনেক সদস্য রয়েছেন। এ বিষয়ে সতর্ক নজরদারি প্রয়োজন।
অন্যদিকে সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন বড় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার বার্তাও অনেক সময় ফাঁস হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনুমান করা যেতে পারে, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পৃক্ত কেউ কেউ এখনো বাহিনীর ভেতরে থাকতে পারেন। যদিও এ ধরনের বিষয় প্রমাণ করা কঠিন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র বা জনবল নয়, তথ্যের নিরাপত্তা। সেই তথ্য যদি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ায়, তাহলে তা প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি আরও গভীর কোনো সংকেত বহন করে।
তারা বলছেন, ২৩ জুনকে ঘিরে সর্বশেষ সতর্কবার্তা ফাঁসের ঘটনা আবারও সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তথ্য ফাঁসের পেছনে রাজনৈতিক আনুগত্য, অভ্যন্তরীণ অসন্তোষ, ব্যক্তিগত স্বার্থ নাকি প্রযুক্তিগত দুর্বলতা কাজ করছে, তা খুঁজে বের করা এখন জরুরি। কারণ নিরাপত্তাব্যবস্থার সবচেয়ে বিপজ্জনক দুর্বলতা অনেক সময় বাইরে থেকে নয়, ভেতর থেকেই তৈরি হয়।

