ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

জুলাই-আগস্ট মামলায় আইভী-বদির জামিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:০৭ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলা এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আইভির জামিন আদেশ দেন। অপর একটি বেঞ্চ ইয়াবা গডফাদার নামে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বদির জামিন আদেশ দেন। জুলাই-আগস্টে আন্দোলনের সময় মামলার আসামি তারা।

আইভির পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলোÑ ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অপরদিকে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বদি গ্রেপ্তার হন। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচিত হন। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম উল্লেখ রয়েছে।