ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে : নাহিদ ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:১০ এএম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি বড় অংশই বর্তমানে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হলো এনসিপি। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত।

দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে আমাদের দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে।’ তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে একে ফুটিয়ে তোলার পাশাপাশি নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন দলের সাফল্য তুলে ধরে বলেন, ‘মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির জন্য এক বিশাল প্রাপ্তি। এই ফলাফল প্রমাণ করে, মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে। বাংলাদেশে বর্তমানে সংস্কারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এনসিপি সেই চাহিদা পূরণে কাজ করছে।

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।