ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমপি, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে হাইকমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। হিন্দুস্তান টাইমস লিখেছে, দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিতে যাচ্ছে ভারত। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদি সরকার ৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়।
আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়।
এরপর গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয় দুই তরফেই। আনন্দবাজার লিখেছে, এ কাজেই দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বলে মনে করছে ভারত সরকার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন