ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদকবিরোধী অভিযান

নারায়ণগঞ্জে র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:৫৮ এএম

নারায়ণগঞ্জের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত র‌্যাবের দুই সদস্য মাহী ও ইব্রাহীমকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, হামলার ঘটনায় তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, র‌্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কী অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।