বাংলাদেশ থেকে সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। এ সময় ট্রলারের মাঝি-মাল্লাসহ ২০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার কক্সবাজারের সেনমার্টিন দ্বীপের অদূরে এ অভিযান চালায় নৌবাহিনী।
আইএসপিআর জানিয়েছে, দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টহল পরিচালনাকালে মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৭০০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ টহলকাজে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিন লাইট হাউস থেকে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ফিশিং বোট দুইটির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলরত নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামক বোট দুইটিকে আটক করে। আটককৃত বোট ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২০ জন সদস্যকেও আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানায়, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন