কক্সবাজার শহরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ আসিফ (২৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম (২০) অপর এক যুবক। তিনি পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এ সময় উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ছুরিকাঘাত করে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম গুরুতর জখম হন।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ মারা যান। আহত আশরাফুল ইসলাম বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। নিহত হৃদয় ও আসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

