ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

দুই জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:১৭ এএম

দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ মোট তিনজন নিহত হন। একই দিন সিরাজগঞ্জে বাসের চাপায় অটোভ্যানের চালকসহ এক দম্পতি নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ব্রাহ্মণবাড়িয়ায় মা-ছেলেসহ নিহত ৩ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী, তার শিশুপুত্র ও একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের জানান, কসবা থেকে যাত্রী নিয়ে সরাইল-বিশ্বরোডের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি মাছবোঝাই পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি ও অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বেলকুচির আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল আজুগড়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে অটোভ্যানচালক নুরু মিয়া (৩৫)। এ সময় আহত হয়েছেন মোতালেব-ফজিলা দম্পতির মেয়ে তামান্না খাতুন। তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, অটোভ্যানটির এক্সেল ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। পরে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত বাস ও অটোভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ইমাম জাফর।