ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার জামায়াতের ঢাকা মহানগর উত্তর আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা জামায়াতকে হিংসা করেন। যে কাজ করলাম, সেটারও হিংসা করলেন। আপনাদের বলতে চাই, জামায়াতকে স্যালুট করেন, জামায়াতকে সহযোগিতা করেন। জামায়াত দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যে দেশ বদলে যাবে।’
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘বহুপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা এবার জামায়াতের সুনিশ্চিত বিজয় কেড়ে নিয়েছিলেন। অথচ এখন গরম গরম কথা বলেন আর ইসলামী ব্যাংকের গায়ে হাত তুলছেন। মনে রাখবেন, ইসলামী ব্যাংক কারোর বাপের টাকায় হয়নি, ইসলামী ব্যাংক জনগণের টাকায় হয়েছে। যা ইচ্ছা করেন, ইসলামী ব্যাংকের গায়ে হাত তুলবেন না। গ্রাহকেরা জীবন দেবে, লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেবে না।’
তিনি বলেন, ‘আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল ডেকে তাদের বাসায় গিয়ে চা খেতেন। পুলিশকে ম্যানেজ করে ঝটিকা মিছিল করতেন। এ ধরনের আন্দোলন জামায়াত করবে না। সুতরাং সময় থাকতে এই বিপজ্জনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসেন। শুধু ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে।’
এর আগে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ডা. শফিকুর রহমান দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। তার ভাষায়, ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন