রাজধানীর ধানমন্ডিতে বহুতল একটি ভবন থেকে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে ধানমন্ডি থানাধীন ৯/এ নম্বর রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত রিক্তা কিশোরগঞ্জের বাসিন্দা শাহিনের মেয়ে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘আমরা খবর পেয়ে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।’
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এসআই জান্নাতুল জানান, ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু : এদিকে রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ছায়েদুল জানান, ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ করার সময় ইয়াছিন অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াছিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কলাবাগানের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

