নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী-পুরুষ এবং শিশুসহ ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নেয়। এর আগে ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, আমরা পুশইনের সংবাদ পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত ছিলাম। বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা কোনোভাবেই তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেননি।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় ও বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিল। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যায়নি। সীমান্তের ওই এলাকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন