× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:২১ এএম

সংসদে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:২১ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২  বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।  এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এসব তথ্য জানান মন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ১২ জন মৃত্যুবরণ করেছেন। তন্মধ্যে একজনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ইতোমধ্যে ৯ জনের লাশ দেশে আনা হয়েছে। তাদের পরিবারের অনুকূলে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে নিহত হওয়ায় মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে ফেরত আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী কর্মীদের বিভিন্ন সময়ে ফেরত আনা হয়। তিনি জানান, নিহতদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন, ইরাকে একজন এবং বাহরাইনে একজন মারা গেছেন।

প্রবাসীদের সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে অসুস্থ ও মৃত কর্মী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বহরে দুটি হিমায়িত অ্যাম্বুলেন্স (ঢাকা ও সিলেট বিমানবন্দরে) এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিমানবন্দরে আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে।

তিনি যোগ করেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের মালপত্র বহনের সুবিধার্থে ২০০ ট্রলি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আহত ও অসুস্থ প্রবাসী কর্মীদের বিমানে ওঠানামার সুবিধার্থে ১০টি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশ্রামাগার স্থাপন, ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসাসেবার জন্য চিকিৎসাকেন্দ্র (প্রাথমিক চিকিৎসা) স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

রাশিয়ায় যুদ্ধে ৩০ বাংলাদেশির মধ্যে চারজনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক উদ্যোগ : রাশিয়ায় চাকরির চুক্তিতে গিয়ে বাধ্য হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছেন ৩০ বাংলাদেশি কর্মী। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি (যাদের লাইসেন্স নম্বর আরএল নম্বর ১৪৫৫, ১৪২৮ ও ২৫০৫) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ৩০ জন বাংলাদেশি কর্মীকে রাশিয়ায় পাঠায়।

তিনি জানান, রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছেÑ এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন রাশিয়ার মস্কোয় বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। আরিফুল হক চৌধুরী বলেন, সর্বশেষ পাওয়া তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

 

রূপালী বাংলাদেশ

Link copied!