ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

করুণ কঙ্কণ

খালিদ বিন ওয়ালিদ
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:০৩ এএম

খালিদ বিন ওয়ালিদ
করুণ কঙ্কণ

মাটি তার সোঁধা ঘ্রাণ ছড়িয়েছে দিকে দিকে,  
উন্মুখ চড়ুইরা মেতেছে সবাই ধুলোমাটির খেলায়।  
কদম-কেয়ার সোনা ব্যাঙের প্রেমের মৌসুমে,  
শিয়ালকাঁটার ফুলে টিপটিপ বৃষ্টির কণা ঝরে;  
সে লুকিয়ে রেখেছে যেন কোনো এক বিলুপ্ত 
সাম্রাজ্যের গল্প বুকে তার।  

পুরোনো ব্রহ্মপুত্রের শান্ত তীরে  
কোনো এক বাণিজ্যনগরীর কথা মনে পড়ে  
ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, পাথরের পুঁতি, 
রোমান মৃৎপাত্রের নগর এক;  
মাটির দুর্গ, প্রাচীন পরিখার উয়ারী-বটেশ্বর।  
সে নগরে এমনি এক শ্রাবণের দিনে  
আমরা ছিলাম হৃদয়ের কাছে, 
আর ভিজেছি রুপালি জলে।  

আজকের এই অবিশ্রান্ত বর্ষণের দিনে,  
স্মৃতির আঙিনা বেয়ে কানে এসে বাজে  
তোমার সেই কঙ্কণের রিনিঝিনি শব্দ।