ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

আধিপত্য নিয়ে বিরোধ

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০১:২২ এএম

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত মোহন শেখ বিএনপিকর্মী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহেদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাতের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত বুধবার সন্ধ্যায় যুবদল নেতা জাহেদের এক সমর্থককে মারধর করে উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাতের লোকজন। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হন। এ সময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলে আসছিল। এটা দলীয় বা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়। যিনি নিহত হয়েছেন তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনো উত্তপ্ত। উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।