রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, মফিজার রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোরচক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ‘উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন