কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন ডিঙি নৌকা তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
আটককৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত ডিঙি নৌকা এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

