ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৮১-আর সংলগ্ন বাংলাদেশ অংশে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনোপাড়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল ম-লের ছেলে রফিকুল ইসলামের ঘাসখেত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

