ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মারা গেছেন সাবেক এমপি রহমতুল্লাহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৪৮ এএম

ঢাকার পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণার পর সকালে পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন গণমাধ্যমকে জানান, বিকেল ৪টায় বাড্ডার বেরাইদ মাঠে জানাজা শেষে বেরাইদ কবরস্থানে দাফন করা হয়।

এ কে এম রহমতুল্লাহ ঢাকার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন। রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথমে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। দ্বিতীয়বার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। তৃতীয়বার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চমবার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে বিভিন্ন দলের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।