ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী কার্যালয়ের লাল টেলিফোনের তার ভাঙারি দোকানে, গ্রেপ্তার ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:২৮ এএম

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। একই সঙ্গে চুরি হওয়া তামার তার ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ রঞ্জন চন্দ্র (২৬) ও রেজাকুল ইসলাম (৩২)।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন জানান, সাম্প্রতিক সময়ে সংঘটিত এ স্পর্শকাতর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করেন যে, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ^বিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে একুশে হল-সংলগ্ন ভাঙারি দোকান থেকে রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। চক্রটির হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।a