ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলাশী দিবস উদ্যাপন পরিষদের আয়োজনে ‘আর নয় পলাশী : চাই জাতীয় ঐক্য ও সংহতি’ বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এস এম সিরাজুদ্দৌলাহ্। প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার গবেষক অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান। প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ্ ছিদ্দিকী।
সেমিনার উদ্বোধন করেন নবাব সিরাজউদ্দৌলাহ্র ৯ম রক্তধারা প্রজন্ম সৈয়দ গোলাম আব্বাস আরেফ ওরফে নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা। তিনি বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সত্য-মিথ্যার দ্বন্দ্বে সত্যকে সদা সমুন্নত রাখতে ঐতিহাসিক কারবালা ট্র্যাজেডির শিক্ষা যেমন বিশ্ব মুসলিমের জন্য অপরিহার্য, অনুরূপ স্বদেশপ্রেম, স্বদেশীয় রাজনীতি এবং মুসলিম ঐতিহ্য ও আদর্শ বজায় রেখে রাষ্ট্র পরিচালনায় সরকার ও সংসদে বিরোধী দলসহ দেশপ্রেমী সব রাজনৈতিক দলের নেতৃত্বকে ঐতিহাসিক পলাশী বিপর্যয় থেকে যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে।
প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম ঐতিহ্য ও ইসলামী শাসনব্যবস্থার আবহ বজায় রাখার স্বার্থে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় প্রবন্ধের আলোকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ্ নোমান, ইতিহাস অন্বেষা সম্পাদক এস এম নজরুল ইসলাম, ইতিহাস ও প্রতœতত্ত্ব গবেষক সোহেল মোহাম্মদ ফখর-উদ-দীন, ইসলামী সমাজচিন্তক প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী।
দ্বিতীয়পর্বে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সাময়িকী ‘নাগরিক বার্তা’র বিশেষ সংখ্যা প্রকাশনার সম্পাদকীয় উপস্থাপন করেন সাময়িকীর সম্পাদক ও পলাশী উদ্যাপন পরিষদের সদস্যসচিব প্রবীণ সাংবাদিক এম ওসমান গণি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ মুসলিম লীগ নেতা মোহাম্মদ লিয়াকত আলী ও আলী মুনীর খোরাসানী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী মাওলানা মুহাম্মদ করীম উদ্দীন নূরী। কবি কাজী নজরুল ইসলামের ইসলামী তারানাহ্ উপস্থাপন করেন সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিক কাজী নাজমুল হাসান সেলিম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন