হবিগঞ্জের চুনারুঘাটে একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গত শনিবার বিকেলে উপজেলার ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটি।
কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। এখানে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বসবাস। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে, ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষে একটি মায়া হরিণ আটকে রাখা হয়েছে। উদ্ধারের পর সেটিকে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বন কর্মকর্তা আবদুল্লাহ বলেছেন, সুস্থ ও স্বাভাবিক আচরণে ফিরে এলে হরিণটিকে আবার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মী আবদুল জাহির মিয়া পরামর্শ দেন, আহত প্রাণীর ক্ষেত্রে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা না করে অভিজ্ঞ বনকর্মীদের হাতে তুলে দেওয়াই নিরাপদ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বললেন, বন্যপ্রাণী আটক, শিকার বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দ-নীয় অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন