হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের (নিলাম বিভাগ) ম্যানেজার পরিচয় দিয়ে অকশনে কম মূল্যে আইফোনসহ দামি মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গতকাল মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের একটি দল গত সোমবার দিবাগত মধ্যরাতে অভিযুক্ত মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারকে (২৮) উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে গ্রেপ্তার করে।
জসীম উদ্দিন খান বলেন, ‘প্রতারক চক্রটি প্রথমে হোয়াটসঅ্যাপে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিমানবন্দরের অকশন বিভাগের কর্মকর্তা এবং পরে অপারেশন ম্যানেজার পরিচয় দিয়ে আস্থা অর্জন করে। একপর্যায়ে তারা জানায়, বিমানবন্দরের অকশনে জব্দ বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান ইলেকট্রনিকস পণ্য বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে। একই সঙ্গে তাদের অধীনে কর্মরত প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবন বিমা পলিসি নিতে আগ্রহী বলেও দাবি করা হয়।’
তিনি আরও বলেন, ‘ব্যবসার বৈধতা প্রমাণের জন্য প্রতারকরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল কাগজপত্র সরবরাহ করে। এসব নথিতে বিশ্বাস করে ভুক্তভোগী ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল এবং ৫৪৩টি ল্যাপটপ কেনার জন্য দুটি ব্যাংক হিসাব ও তিনটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে বিভিন্ন ধাপে প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা পাঠান।’ টাকা নেওয়ার পর কোনো পণ্য সরবরাহ না করে প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
জসীম উদ্দিন খান বলেন, ‘পরবর্তীতে ভুক্তভোগী রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্তভার গ্রহণের পর প্রযুক্তিগত তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম জব্দ করা হয়।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন