বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মাঠের খেলা ছাপিয়ে যেন সব আলো কেড়ে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফার এক বিতর্কিত সিদ্ধান্ত। বসনিয়ার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা মিডফিল্ডার ফোলারিন বালোগানের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল অবধারিত। তবে সেই সিদ্ধান্ত পাল্টে দিতে সরাসরি ফিফা সভাপতিকে ফোন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এক ফোনেই ম্যাজিকের মতো বদলে যায় চিত্র; স্থগিত হয়ে যায় বালোগানের নিষেধাজ্ঞা এবং বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার অনুমতি পেয়ে যান তিনি। ফিফা এই রাজনৈতিক হস্তক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেও ট্রাম্প নিজেই গর্ব করে তার এই ‘অর্জন’-এর কথা প্রকাশ করেন। কিন্তু ট্রাম্পের এই বাহাদুরিই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায় এবং তাতিয়ে দেয় প্রতিপক্ষ বেলজিয়ামকে।
গ্রুপ পর্বে মিশর ও ইরানের বিপক্ষে ড্র করে এবং সেনেগালের বিরুদ্ধে কোনোমতে জিতে শেষ ষোলোয় আসা বেলজিয়ামকে এই ম্যাচে দেখা যায় ভিন্ন রূপে। ফুটবল পরাশক্তিরা যেন ট্রাম্পের এমন হস্তক্ষেপে তেলে-বেগুনে জ¦লে উঠেছিল। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের সেরা তারকা কেভিন ডি ব্রুইনাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে বেলজিয়াম। অন্যদিকে ট্রাম্পের প্রিয়পাত্র বালোগান পুরো ৯০ মিনিটে মাত্র ১৯ বার বল স্পর্শ করতে পেরে ম্যাচজুড়ে চরম ফ্লপ প্রমাণিত হন। ম্যাচের শেষ মুহূর্তে ৯৩ মিনিটে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি নামা রোমেলু লুকাকু। গোল করার পর লুকাকু ও তার পুরো দল ট্রাম্পের স্বভাবসুলভ নাচের ভঙ্গিতে উদ্যাপন করে মাঠেই মার্কিন প্রেসিডেন্টকে প্রথম দফা কটাক্ষ করেন, যা নিয়ে ম্যাচের ধারাভাষ্যকাররাও রসাত্মক মন্তব্য করতে ছাড়েননি।
মাঠের খেলা শেষে ট্রাম্পকে আসল খোঁচাটি দেয় রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাচের ফল পোস্ট করে তারা ক্যাপশনে লেখে, ‘এটা বদলাও’। এ দুটি শব্দের মাধ্যমে তারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের দিকেই তিীর ছুড়েছে, যার অর্থÑ ট্রাম্প হয়তো ক্ষমতার জোরে ফিফার লাল কার্ডের সিদ্ধান্ত বদলে দিতে পেরেছেন, কিন্তু মাঠের এই ৪-১ গোলের লজ্জাজনক হারের ফল বদলানোর সাধ্য তার নেই। প্রিয় খেলোয়াড়কে নিয়ম না মেনে খেলাতে গিয়ে ট্রাম্প উল্টো পুরো ফুটবল বিশ্বের কাছে চরম হাসির পাত্রে পরিণত হলেন। আর বেলজিয়াম মাঠ ও মাঠের বাইরে নিল এক মধুর প্রতিশোধ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন