সময় কখনো থেমে থাকে না। একদিন যে পা বিশ্বকে বিস্মিত করেছিল, সেই পায়েও একসময় ক্লান্তি নামে। যে মানুষটি দুই দশক ধরে গোলের পর গোল করে ইতিহাস লিখেছেন, তিনিও একদিন শেষ বাঁশির কাছে হার মানেন। স্পেনের বিপক্ষে পর্তুগালের পরাজয় শুধু একটি নকআউট ম্যাচের ফল নয়, এটি ফুটবলের এক সোনালি অধ্যায়ের শেষ পৃষ্ঠা। আর সেই শেষ পৃষ্ঠায় চোখের জল নিয়ে মাঠ ছেড়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি নাম, যা পরিসংখ্যানের গ-ি ছাড়িয়ে ফুটবল ইতিহাসের এক অনন্য মহাকাব্য। শেষ বাঁশি বাজতেই হাজারো দর্শকের গর্জনের মধ্যেও যেন সবচেয়ে জোরালো ছিল একটি নীরবতা। সেই নীরবতার নাম ক্রিস্টিয়ানো রোনালদো।
মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কোনো প্রতিবাদ করেননি, কোনো হতাশা প্রকাশ করেননি। তিনি শুধু ধীরে ধীরে হাঁটলেন। চোখে জল, মুখে গভীর শূন্যতা। যে মানুষটি দুই দশকের বেশি সময় ধরে কোটি কোটি মানুষের আবেগের কেন্দ্র ছিলেন, তিনি বিদায় নিলেন এক নিঃশব্দ সন্ধ্যায়। হয়তো এটাই ফুটবলের সবচেয়ে নির্মম সৌন্দর্য, এখানে কিংবদন্তিদের জন্যও কোনো বিশেষ নিয়ম নেই।
রোনালদো ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তাই এই ম্যাচটি ছিল শুধু একটি নকআউট লড়াই নয়, ছিল কিংবদন্তির শেষ বিশ্বমঞ্চ। ২০০৬ সালে তরুণ এক উইঙ্গার হিসেবে শুরু হয়েছিল তার বিশ্বকাপ যাত্রা। সেই তরুণই সময়ের সঙ্গে হয়ে উঠেছিলেন পর্তুগালের মুখ, জাতির আশা, বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা।
ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার একমাত্র ফুটবলার হওয়ার অনন্য কীর্তি গড়েছেন তিনি। এমন একটি রেকর্ড হয়তো বহু বছর, হয়তো কয়েক দশকও অক্ষত থাকবে। কিন্তু পরিসংখ্যানের বাইরেও তার সবচেয়ে বড় অর্জন ছিল একটি দেশের ফুটবল সংস্কৃতিকে বদলে দেওয়া। একসময় যে পর্তুগালকে ইউরোপের মাঝারি শক্তি বলা হতো, সেই দলকে তিনি পরিণত করেছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে। তবে সময়ের বিরুদ্ধে কখনোই জয়ী হওয়া যায় না।
৪১ বছর বয়সে এসে শরীর আর মনের ইচ্ছার সঙ্গে তাল মেলাতে পারেনি। স্পেনের বিপক্ষে ম্যাচটিই যেন সেই বাস্তবতার সবচেয়ে নির্মম প্রতিচ্ছবি। প্রথমার্ধে মাত্র ১২ বার বল স্পর্শ করেছেন তিনি, যা মাঠে থাকা যেকোনো খেলোয়াড়ের চেয়ে কম। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো সেই রোনালদোকে দেখা গেল বিচ্ছিন্ন, নিঃসঙ্গ, অনেকটা অসহায়।
তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেবল একটি ম্যাচ বা একটি বিশ্বকাপ দিয়ে বিচার করা যায় না। আধুনিক ফুটবলের ইতিহাসে তিনি এমন এক অধ্যায়ের নাম, যার প্রতিটি পৃষ্ঠা লেখা হয়েছে পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অসাধারণ সাফল্যের গল্পে। ২০০৩ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে পেশাদার ক্যারিয়ারের উত্থান শুরু করে তিনি একে একে জার্সি গায়ে তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যানচেস্টার ইউনাইটেড এবং পরে আল-নাসরের। প্রতিটি ক্লাবেই তিনি রেখে গেছেন অনন্য সাফল্যের ছাপ।
বিশ্বকাপে হয়তো তার হাতে কখনো সোনালি ট্রফি ওঠেনি, কিন্তু ইতিহাসে তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। ২০০৬ থেকে ২০২৬ দুই দশকজুড়ে বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি নিজেই এক অনন্য কীর্তি। এই দীর্ঘ পথচলায় তিনি শুধু গোল করেননি, প্রতিটি প্রজন্মকে শিখিয়েছেন কীভাবে অসম্ভবকে লক্ষ্য বানাতে হয়, কীভাবে কঠোর পরিশ্রমকে প্রতিভার চেয়েও বড় শক্তিতে পরিণত করা যায়।
তাই তার উপস্থিতিই ছিল সবচেয়ে বড় গল্প। কারণ কিংবদন্তিরা শুধু খেলেন না, তারা ইতিহাস বহন করেন।
অন্যদিকে স্পেন যেন প্রমাণ করল, আধুনিক ফুটবল শুধু তারকানির্ভর নয়। এটি একটি সংগঠিত, ধৈর্যশীল ও কৌশলগত খেলা। পুরো ম্যাচে তারা অস্থির হয়নি। লামিন ইয়ামালকে পর্তুগাল বারবার থামিয়েছে, কিন্তু স্পেন নিজেদের পরিকল্পনা থেকে সরে যায়নি। মাঝমাঠে দখল, রক্ষণে শৃঙ্খলা আর সুযোগের অপেক্ষা, এই তিন অস্ত্র নিয়েই এগিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
ম্যাচের শেষ মুহূর্তে সেই ধৈর্যেরই পুরস্কার পেল তারা।
দ্রুত নেওয়া একটি ফ্রি-কিক। মুহূর্তের অসতর্কতা। ফেরান তোরেসের অসাধারণ পাস। আর ঠিক জায়গায় উপস্থিত মিকেল মেরিনো। একজন প্রকৃত স্ট্রাইকারের মতো শান্ত মাথায় কাছের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে দিলেন তিনি। গোলটি শুধু স্পেনকে জেতায়নি বরং একটি যুগের ইতি টেনেছে। এই বিশ্বকাপে এখনো একটিও গোল হজম করেনি স্পেন। তাদের রক্ষণভাগ যেমন দুর্ভেদ্য, তেমনি আক্রমণেও রয়েছে প্রয়োজনীয় বৈচিত্র্য। প্রতিটি ম্যাচে তারা দেখিয়ে দিচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধু ঝলমলে ফুটবল নয়, প্রয়োজন কঠিন মুহূর্তে ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতাও।
পর্তুগালের জন্য এই পরাজয় শুধু একটি ম্যাচ হারার কষ্ট নয়। একটি যুগের শেষ। দীর্ঘ দুই দশক ধরে দলটি এমন একজন নেতাকে পেয়েছিল, যিনি মাঠে গোল করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন, সংকটের মুহূর্তে সামনে দাঁড়িয়েছেন। এখন সেই অধ্যায় শেষ। সামনে নতুন প্রজন্মÑ গনসালো রামোস, জোয়াও নেভেস, ভিটিনিয়া, নুনো মেন্দেসদের কাঁধে নতুন পর্তুগাল গড়ার দায়িত্ব। কিন্তু সত্য হলো, রোনালদোর শূন্যতা কখনোই পুরোপুরি পূরণ হবে না।ফুটবল ইতিহাসে কিছু খেলোয়াড় শুধু ট্রফি দিয়ে মূল্যায়িত হন না। তারা মূল্যায়িত হন প্রভাব দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা দিয়ে। সেই তালিকায় রোনালদোর নাম থাকবে সবচেয়ে উজ্জ্বলদের একজন হিসেবে। পাঁচটি ব্যালন ডি’অর, অসংখ্য লিগ শিরোপা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, উয়েফা নেশনস লিগ, হাজারের কাছাকাছি ক্যারিয়ার গোল, এসবই তার অর্জনের অংশ। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি কোটি কোটি তরুণকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। হয়তো এ কারণেই শেষ বাঁশির পর চোখের জল লুকাতে পারেননি তিনি। সেটি ছিল না শুধু একটি ম্যাচ হারের বেদনা, সেটি ছিল একটি দীর্ঘ যাত্রার শেষ স্টেশন।
বিশ্বকাপ চলবে। নতুন নায়ক জন্ম নেবে। নতুন ইতিহাস লেখা হবে। স্পেন এগিয়ে যাবে শিরোপার স্বপ্ন নিয়ে। হয়তো এবার তাদের হাতেই উঠতে পারে বিশ্বকাপ।
কিন্তু এই বিশ্বকাপকে যখন ভবিষ্যতে মানুষ স্মরণ করবে, তখন শুধু মিকেল মেরিনোর গোল বা স্পেনের জয় নয়, তারা মনে রাখবে আরেকটি দৃশ্য, একজন কিংবদন্তি নিঃশব্দে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। দর্শকভর্তি স্টেডিয়াম, ঝলমলে আলোর নিচে তিনি একা। কারণ কিংবদন্তিদের বিদায় কখনো কেবল একজন ফুটবলারের বিদায় নয়; সেটি একটি সময়ের, একটি প্রজন্মের, একটি অনুভূতির বিদায়। সেদিন স্পেন জিতেছিল একটি ম্যাচ।
পর্তুগাল হেরেছিল একটি স্বপ্ন। আর ফুটবল বিদায় জানিয়েছিল তার ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজনকে। স্পেনের বিপক্ষে শেষ বাঁশি হয়তো তার বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টেনেছে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে তার অর্জন, মানসিক দৃঢ়তা, অদম্য প্রতিযোগিতার মনোভাব এবং অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের জন্য। বিশ্বকাপ ট্রফি তার
হাতে না উঠলেও ফুটবলকে তিনি যা দিয়েছেন, তা যেকোনো শিরোপার গ-ি অনেক আগেই অতিক্রম করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন