স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন, প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকা-ের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হয়নি। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন