সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উগ্রবাদী’ পোস্ট দেওয়ার অভিযোগে দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে সিঙ্গাপুর। গতকাল শুক্রবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য জানিয়েছে বলে সিএনএর খবরে বলা হয়।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, ওই দুই ব্যক্তি সিঙ্গাপুরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিলেন এমন কোনো তথ্য এখনো তদন্তে পাওয়া যায়নি। দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষে গত ৮ জুলাই তাদের দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার দিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আইএসডি বলেছে, বাংলাদেশি উগ্র ইসলামপন্থি লেখক শফিউর রহমান ফারাবির প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন রিশাদ। ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে ফারাবির নামে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে সাহেদুলের বিরুদ্ধে বিভেদমূলক ধর্মীয় মতামত প্রকাশের অভিযোগ থাকার কথা বলেছে আইএসডি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন