গ্রেটেস্ট শো অন আর্থের মহোত্তম মঞ্চ প্রস্তুত। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। তবে হাইভোল্টেজ এই মেগা ফাইনালের আগে মাঠের রণকৌশলের পাশাপাশি ফুটবলপাড়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে রেফারি নিয়োগ নিয়ে। শিরোপা নির্ধারণী এই মহারণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে। আর এই নাম ঘোষণার পর থেকেই আলবিসেলেস্তে শিবিরে বইছে এক অজানা আশঙ্কার হাওয়া, কারণ আর্জেন্টিনার কাতার বিশ^কাপের সেই ‘অপয়া’ স্মৃতি!
পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, বিশ^কাপে আর্জেন্টিনার ম্যাচে ভিনচিচের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা মাত্র একটি। আর সেই একটি স্মৃতিই লিওনেল মেসিদের ক্যারিয়ারের অন্যতম বড় ধাক্কা। ২০২২ কাতার বিশ^কাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের সেই ঐতিহাসিক ও স্তব্ধ করে দেওয়া হারের ম্যাচটিতে বাঁশি হাতে মাঠ কাঁপিয়েছিলেন এই ভিনচিচ। নীল-সাদা শিবিরের জন্য বিশ্বকাপে তার একমাত্র স্মৃতিটি চরম তিক্ত হওয়ায়, ফাইনালের আগে তাকে ঘিরেই তৈরি হয়েছে ‘অপয়া’ গুঞ্জন।
অবশ্য রেফারি হিসেবে স্লোভেনিয়ার ৪৬ বছর বয়সি ভিনচিচের প্রোফাইল বেশ ভারী। ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক প্যানেলে থাকা এই রেফারি ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ ইউরোপের বহু হাই প্রোফাইল ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন। চলতি ২০২৬ বিশ্বকাপেও তার বাঁশি ছিল নির্ভুল। ফাইনালে মাঠের দুই প্রান্তে সহকারী হিসেবে তার সঙ্গী হচ্ছেন তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ, আর চতুর্থ রেফারি হিসেবে থাকছেন জর্ডানের আদহাম মাখাদমেহ।
অভিজ্ঞতার ঝুলি যতই সমৃদ্ধ হোক, ভিনচিচের ক্যারিয়ার কিন্তু পুরোপুরি বিতর্কহীন নয়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশি অভিযানে ভুলবশত তাকে আটক করা হয়েছিল। যদিও পরে নির্দোষ প্রমাণ হওয়ায় দ্রুতই মুক্তি পান এবং স্বমহিমায় আন্তর্জাতিক রেফারিংয়ে ফেরেন। এখন দেখার বিষয়, রোববারের মেগা ফাইনালে ভিনচিচের সেই ‘অপয়া’ অতীতকে পেছনে ফেলে আর্জেন্টিনা ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ ঘরে তোলে, নাকি স্প্যানিশ আর্মাডার উল্লাসের রাতে ভিনচিচ অধ্যায় আবার নতুন কোনো নাটকীয়তার জন্ম দেয়!

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন