বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাইয়ের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি গণতন্ত্রের শিকড়কে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ কিংবা সিটি করপোরেশন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে। তাই স্থানীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশাও থাকে অনেক বেশি। সম্প্রতি অক্টোবরে স্থানীয় নির্বাচন আয়োজনের আলোচনা নতুন করে জনমনে আগ্রহ সৃষ্টি করেছে। কিন্তু নির্বাচন আয়োজনের খবরের পাশাপাশি আরেকটি প্রশ্নও সমান গুরুত্ব নিয়ে সামনে এসেছে। এই নির্বাচন কি মানুষের আস্থা অর্জন করতে পারবে? গণতন্ত্রে আস্থা একটি অদৃশ্য শক্তি। আইন, বিধিমালা কিংবা প্রশাসনিক নির্দেশনা দিয়ে নির্বাচন পরিচালনা করা সম্ভব হলেও জনগণের বিশ্বাস অর্জন করা সম্ভব হয় কেবল স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে। ভোটার যদি মনে করেন তার ভোটের মূল্য রয়েছে, তার মতামত সম্মানিত হবে এবং ফলাফল প্রকৃত জনরায়ের প্রতিফলন ঘটাবে, তবেই নির্বাচন অর্থবহ হয়ে ওঠে। অন্যথায় নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কোথাও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য, কোথাও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সহিংসতা, কোথাও প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষÑ এসব ঘটনা মানুষের মনে শঙ্কা তৈরি করেছে। অনেক ক্ষেত্রে ভোটার উপস্থিতিও কমে গেছে।
কারণ, মানুষ তখনই ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হন, যখন তিনি বিশ্বাস করেন তার ভোট নিরাপদ এবং কার্যকর। এবারের স্থানীয় নির্বাচন সেই হারিয়ে যাওয়া আস্থা পুনর্গঠনের একটি বড় সুযোগ হতে পারে। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে সকল প্রার্থী সমান সুযোগ পাবেন এবং ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার আচরণÑ এই তিনটি স্তম্ভের ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি দাঁড়িয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় নির্বাচনকে যদি জাতীয় রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার প্রতিচ্ছবি বানানো হয়, তবে সংঘাত বাড়বে।
কিন্তু যদি এটিকে স্থানীয় উন্নয়ন, জনসেবা ও নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্র হিসেবে দেখা হয়, তাহলে প্রতিযোগিতা হবে ইতিবাচক। প্রার্থীদের উচিত ব্যক্তি আক্রমণ নয়, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ভোটারদের সামনে হাজির হওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনি প্রচারে অর্থের প্রভাব। অতিরিক্ত অর্থব্যয় এবং অপ্রকাশিত অর্থের ব্যবহার স্থানীয় নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। অর্থ নয়, যোগ্যতা ও জনসম্পৃক্ততা যেন প্রার্থীর মূল শক্তি হয়। এমন সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দল ও নাগরিক সমাজেরও। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম নির্বাচনকে নতুন মাত্রা দিয়েছে। এটি যেমন তথ্য প্রচারের শক্তিশালী মাধ্যম, তেমনি গুজব ও বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রও হতে পারে। একটি ভুয়া তথ্য মুহূর্তেই উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই নির্বাচনকে ঘিরে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং গণমাধ্যমের পেশাদার ভূমিকা অত্যন্ত জরুরি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নির্বাচনকে যেমন স্বচ্ছ করে, তেমনি অপপ্রচার থেকে জনগণকে রক্ষা করতেও সহায়তা করে।
যুবসমাজের অংশগ্রহণও স্থানীয় নির্বাচনের প্রাণশক্তি হতে পারে। দেশের বিপুলসংখ্যক তরুণ ভোটার যদি গণতান্ত্রিক চর্চায় সক্রিয় ভূমিকা রাখেন, তাহলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। তরুণদের শুধু ভোটার হিসেবেই নয়, সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবক এবং ইতিবাচক জনমত গঠনের অংশীদার হিসেবেও এগিয়ে আসতে হবে। নারীদের অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারে নারীদের কার্যকর উপস্থিতি সিদ্ধান্ত গ্রহণে বৈচিত্র্য আনে এবং উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক করে। তাই নারী প্রার্থীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয় সরকারকে শক্তিশালী না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি কার্যকর ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা পরিষদ মানুষের দৈনন্দিন জীবনের অসংখ্য সমস্যার সমাধান করতে পারে। সড়ক, পানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি কিংবা সামাজিক নিরাপত্তাÑ এসব ক্ষেত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্থানীয় নেতৃত্বের ওপর। ফলে স্থানীয় নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচিত হওয়া জাতীয় উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পর্কযুক্ত।
বাংলাদেশের মানুষ বহু সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার অর্জন করেছে। তাই নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা শুধু একটি ভোট প্রদান নয়; বরং সম্মান, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক মর্যাদার নিশ্চয়তা। অক্টোবরে যদি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেটি যেন কেবল আরেকটি নির্বাচন না হয়; বরং জনগণের আস্থা পুনর্গঠনের একটি নতুন সূচনা হয়ে ওঠে। সর্বোপরি, একটি গ্রহণযোগ্য নির্বাচন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, সর্বোপরি ভোটার। সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও সংযমের সঙ্গে পালন করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য বিরোধিতায় নয়, বরং নিয়ম মেনে প্রতিযোগিতা এবং ফলাফল মেনে নেওয়ার সংস্কৃতিতে। অক্টোবরে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচন যদি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনগণের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে পারে, তবে তা শুধু জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও সামাজিক সম্প্রীতি পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। কারণ, একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস অটুট রাখাই হোক আসন্ন স্থানীয় নির্বাচনের সবচেয়ে বড় অঙ্গীকার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন