বর্তমান বিশ্বে উন্নত জীবনমান, সামাজিক নিরাপত্তা এবং পেশাগত উৎকর্ষের জন্য যে কয়েকটি দেশ অভিবাসীদের তালিকার শীর্ষে রয়েছে, ফিনল্যান্ড তাদের মধ্যে অন্যতম।
‘ল্যান্ড অব থাউজেন্ড লেকস’ বা হাজার হ্রদের দেশ হিসেবে পরিচিত এই দেশটি এখন কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং দক্ষ কর্মী এবং শিক্ষার্থীদের জন্য এক অবারিত সুযোগের ভূখ-ে পরিণত হয়েছে। বিশেষ করে ২০২৫-২৬ সালে ফিনল্যান্ড তাদের শ্রমবাজারকে আরও নমনীয় করায় বাংলাদেশিদের জন্য সেখানে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
ফিনল্যান্ড কেন এখন সেরা গন্তব্য?
উত্তর ইউরোপের এই দেশটি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছে। এখানকার সরকারব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ এবং জনগণের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। ২০২৫ সালে ফিনল্যান্ডে শ্রমিক সংকট তীব্র হওয়ায় দেশটি বিদেশি কর্মীদের জন্য তাদের দরজা আরও প্রসারিত করেছে। বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ কারণ ফিনল্যান্ডে কাজের পরিবেশ যেমন চমৎকার, তেমনি বেতন কাঠামোও অত্যন্ত আকর্ষণীয়।
বহুমুখী চাকরির বাজার ও আয়ের সম্ভাবনা
ফিনল্যান্ডের বর্তমান চাকরির বাজার আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। এখানে মূলত তিন ধরনের কাজের ক্ষেত্র রয়েছে :
১. উচ্চ দক্ষ পেশাজীবী : তথ্যপ্রযুক্তি বা আইটি খাতে ফিনল্যান্ড বরাবরই শক্তিশালী। বর্তমানে সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, ক্লাউড ইঞ্জিনিয়ার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের ব্যাপক চাহিদা রয়েছে। এ ছাড়া ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারদের জন্যও রয়েছে দারুণ সুযোগ।
২. স্বাস্থ্যসেবা ও কারিগরি খাত : ফিনল্যান্ডের জনসংখ্যা বয়স্ক হয়ে যাওয়ায় সেখানে নার্স, ফিজিওথেরাপিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য চাকরির অভাব নেই। পাশাপাশি দক্ষ কারিগরি কর্মী যেমনÑ ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান এবং মেশিন অপারেটরদেরও ভালো কদর রয়েছে।
৩. সাধারণ ও লজিস্টিকস কাজ : উচ্চতর ডিগ্রি ছাড়াও সাধারণ দক্ষতায় ভালো আয়ের সুযোগ রয়েছে। হোটেল ম্যানেজার, শেফ, ওয়েটার থেকে শুরু করে ফুড ডেলিভারি, ট্রাক ড্রাইভার এবং ওয়্যারহাউস অপারেটর হিসেবেও বাংলাদেশিরা ক্যারিয়ার গড়ছেন।
বেতন কাঠামো : একজন সাধারণ কর্মীর ন্যূনতম মাসিক আয় সাধারণত ১৮০০-২৫০০ ইউরো (প্রায় তিন লাখ টাকা) থেকে শুরু হয়। অন্যদিকে, দক্ষ পেশাজীবীদের বেতন ২৮০০-৪২০০ ইউরো (সাড়ে চার থেকে ছয় লাখ টাকা) বা তার বেশি হতে পারে।
কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজের হাতছানি
যারা স্বল্প সময়ের জন্য আইনি পথে ইউরোপে কাজ করতে চান, তাদের জন্য ফিনল্যান্ডের ‘সিজনাল ওয়ার্ক’ পারমিট একটি অসাধারণ বিকল্প। মূলত কৃষি (ফসল তোলা), বনায়ন (কাঠ সংগ্রহ) এবং শীতকালীন বা গ্রীষ্মকালীন পর্যটন সেবা খাতে তিন থেকে ৯ মাসের জন্য এই নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সাল থেকে এই প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করা হয়েছে। এই কাজের জন্য ন্যূনতম মাসিক বেতন ধরা হয় প্রায় দুই হাজার ৭০০ ইউরো। তবে শর্ত হলো, আবেদন করার আগে ফিনল্যান্ডের কোনো বৈধ নিয়োগকর্তার কাছ থেকে চাকরির চুক্তিপত্র থাকতে হবে এবং পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।
বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ
ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা ইউরোপের সেরাগুলোর একটি হিসেবে স্বীকৃত। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা ও গবেষণার চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। সাধারণত বার্ষিক টিউশন ফি ছয় হাজার থেকে ১৫ হাজার ইউরোর মধ্যে থাকে। তবে মেধারভিত্তিতে ফিনিশ সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের আংশিক ও পূর্ণ স্কলারশিপ প্রদান করে। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, তারা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে ৩০ ঘণ্টা পর্যন্ত পার্টটাইম কাজ করার অনুমতি পান। এতে তারা পড়াশোনার খরচ ও জীবনযাত্রার ব্যয় সহজেই বহন করতে পারেন। এ ছাড়া পড়াশোনা শেষে চাকরিসহ স্থায়ীভাবে থাকার সুযোগ তো রয়েছেই।
স্থায়ী বসবাস ও নাগরিকত্বের সহজ পথ
অধিকাংশ অভিবাসীর মূল লক্ষ্য থাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা পিআর (চজ)। ফিনল্যান্ডের ইমিগ্রেশন আইন এক্ষেত্রে বেশ নিয়মমাফিক ও সহায়ক। কোনো বিদেশি নাগরিক চার বছর বৈধভাবে কাজ করলে বা বসবাসের অনুমতি নিয়ে থাকলে স্থায়ী বসবাসের আবেদনের যোগ্য হন। পিআর পাওয়া গেলে নিজের পরিবারের সদস্যদেরও ফিনল্যান্ডে নিয়ে আসা যায়। বসবাসের পাঁচ বছর পূর্ণ হলে এবং ফিনিশ বা সুইডিশ ভাষায় নির্দিষ্ট দক্ষতা থাকলে নাগরিকত্বের (ঈরঃরুবহংযরঢ়) জন্য আবেদন করা সম্ভব। ইউরোপের অনেক দেশের তুলনায় ফিনল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি বেশ স্বচ্ছ এবং দ্রুত সম্পন্ন হয়।
আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় পদক্ষেপ
ফিনল্যান্ডে যাওয়ার প্রক্রিয়াটি নির্ভর করে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন তার ওপর। যদি আপনি পড়াশোনা শেষে সেখানে থাকতে চান, তবে এক বছরের ‘জব সিকার পারমিট’ আপনার জন্য সেরা সুযোগ। আর যারা সরাসরি কাজ নিয়ে যেতে চান, তাদের জন্য লিঙ্কডইন (খরহশবফরহ), সরকারি পোর্টাল (ঃব-ঢ়ধষাবষঁঃ.ভর) বা মনস্টার ফিনল্যান্ড (সড়হংঃবৎ.ভর) কার্যকর মাধ্যম।
ভিসা প্রক্রিয়া
ফিনল্যান্ড একটি শেনজেনভুক্ত দেশ। তাই টুরিস্ট বা বিজনেস ট্রিপের মতো ৯০ দিনের কম সময়ের শর্ট-টার্ম ভিসার আবেদন বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের মাধ্যমে ভিএফএস গ্লোবালে (ঢাকা) জমা দিতে হয়। তবে দীর্ঘমেয়াদি বা লং-টার্ম রেসিডেন্স পারমিটের (ওয়ার্ক বা স্টুডেন্ট) জন্য অনলাইনে ‘এন্টার ফিনল্যান্ড’ (ঊহঃবৎঋরহষধহফ) পোর্টালে আবেদন করে বায়োমেট্রিক্সের জন্য ভারতের নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসে যেতে হয়। সাধারণত সঠিক কাগজপত্র জমা দিলে এক থেকে তিন মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন, চমৎকার সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থার কারণে ফিনল্যান্ড আজ বাংলাদেশিদের জন্য ইউরোপে স্বপ্ন পূরণের অন্যতম প্রধান গন্তব্য।

