ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওয়ামিকার স্বপ্নপূরণ

রেজাউল করিম খোকন
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪৪ এএম

 

রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরির পর ওয়ামিকা গাব্বিকে বলা হচ্ছে ভারতের জাতীয় ক্রাশ। রাশমিকার মতো মিষ্টি ব্যবহার দিয়ে পাপারাজ্জিদেরও পছন্দের নায়িকা হয়ে উঠেছেন এই অভিনেত্রী। ‘ভূত বাংলো’ সিনেমায় অক্ষয় কুমারের নায়িকা হিসেবে অভিনয়ের পর থেকে নির্মাতাদের আগ্রহের কেন্দ্রে ওয়ামিকা। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বেবি জন’ সিনেমা মুক্তির পর আরও আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

নতুন খবর হলো, ওয়ামিকা এবার রণবীর সিংয়েরও নায়িকা হচ্ছেন। ভারতীয় সুপারহিরো চরিত্র শক্তিমানকে নিয়ে নতুন সিনেমা তৈরি হচ্ছে। তাতে শক্তিমান হিসেবে দেখা দেবেন রণবীর। এ সিনেমায় ওয়ামিকা হবেন রণবীরের নায়িকা। বলিউডে আরও কয়েকটি বড় প্রজেক্টে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

বলিউডে ওয়ামিকা নতুন নন। ২০০৭ সালে ‘জব উই মেট’-এর কিশোরী চরিত্র দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়। এরপর ‘লাভ আজকাল’, ‘মৌসুম’, ‘বিট্টু বস’-এ দেখা দিয়েছেন তিনি। প্রথম নায়িকা হন ‘সিক্সটিন’-এ। সিনেমাটি খুব বেশি সাফল্য পায়নি, যে কারণে ২০১৩ সালে ওই সিনেমার ব্যর্থতার পর বলিউড থেকে বিদায় নেন ওয়ামিকা। এরপর প্রায় এক দশক পাঞ্জাবি, তেলুগু, মালয়ালম ও তামিল সিনেমায় অভিনয় করেছেন। কমবেশি সাফল্যও পেয়েছেন।

২০২৩ সালটি তার জন্য নতুন আশার আলো নিয়ে আসে। সে বছর ‘জুবিলি’ সিরিজ দিয়ে লাইমলাইটে আসেন ওয়ামিকা। একই বছর ‘ফুরসত’ ও ‘খুফিয়া’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। সেই থেকে ওয়ামিকাকে ঘিরে ক্রমেই কৌতূহল বাড়ছে। সাফল্য দিয়ে এবার তিনি লিখতে শুরু করেছেন বলিউডে নিজের দ্বিতীয় অধ্যায়ের গল্প।

‘ভূত বাংলো’ সিনেমাতে টাবু ও ওয়ামিকা দু’জনেই গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। গত সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে। ওয়ামিকার কাছে শুধু একটি নতুন সিনেমা নয়, বরং এমন একটি সুযোগ, যার জন্য দীর্ঘদিন ধরে তিনি অপেক্ষা করছিলেন। প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের সঙ্গে কাজ করাকে ক্যারিয়ারের অন্যতম অভিজ্ঞতা বলে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

ওয়ামিকা গাব্বির প্রশংসা করে সম্প্রতি অক্ষয় বলেছেন, বিদ্যা বালন বা টাবুর মতো অভিজ্ঞদের পাশাপাশি ওয়ামিকার রিহার্সাল করার ধরনও তাকে মুগ্ধ করেছে।

ওয়ামিকা জানিয়েছেন দীর্ঘ সময় ধরেই তার ভরপুর কমেডি সিনেমাতে অভিনয়ের ইচ্ছা ছিল। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই বলছিলাম যে আমাকে এমনই একটি সিনেমা করতে হবে। গরম মসলা, ভুলভুলাইয়া, হালচাল এবং ভাগাম ভাগের মতো সিনেমা দেখে বড় হয়েছি। সবসময় ভাবতাম, ইশ! আমিও যদি এমন একটি সিনেমার অংশ হতে পারতাম। যখন জানতে পারলাম যে প্রিয়দর্শন ও অক্ষয় স্যার একসঙ্গে সিনেমা করছেন, তখন আমার জন্য সেটাই অনেক বড় ব্যাপার ছিল।’

ওয়ামিকা এটাও জানান যে, আগেও একবার এই কমেডি দুনিয়ার অংশ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেন, ‘যখন ‘ভুলভুলাইয়া ২’ তৈরি হচ্ছিল তখন আমিও সেই সিনেমার জন্য অডিশন দিয়েছিলাম। অডিশনের পর সিনেমাটি করার খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কোনো কারণে তা হতে হয়ে ওঠেনি। এখন ভূত বাংলো করছি। এত বছরের যে স্বপ্ন ছিল, সেটা অবশেষে পূরণ হয়েছে।’

পুরোনো বন্ধু চিত্রপরিচালক প্রিয়দর্শন এবং অভিনেতা অক্ষয় কুমার একসঙ্গে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। ‘হেরাফেরি, ‘ভাগাম ভাগ’, ‘ভুলভুলাইয়া’, ‘খাট্টা মিঠা’র মতো সিনেমার জন্য বিখ্যাত এই জুটি। দীর্ঘ ১৬ বছর পর সেটে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের পারস্পরিক বোঝাপড়া কেমন ছিলÑ এই প্রশ্নের উত্তরে ওয়ামিকা বলেন, ‘তাদের দেখে কখনো কখনো আমার মনে হতো যেন দুই পুরোনো বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে আছেন, যারা একে অপরের সঙ্গে কী চমৎকার বোঝাপড়ার মাধ্যমে কাজ করছেন।’

অক্ষয় কুমারের শৃঙ্খলার কথা কারো অজানা নেই। এ বিষয়ে কথা বলতে গিয়ে ওয়ামিকা বলেন, ‘সেটে সময়মতো পৌঁছানোর একটা চাপ তো থাকেই। যখন আপনি জানেন যে, অক্ষয় স্যার সেটে সময়মতো আসেন, শৃঙ্খলানিষ্ঠ, তখন আপনি আরাম করে বা দেরি করে আসতে পারবেনই না। কিন্তু এই চাপটা কখনোই নেতিবাচক নয়। এটা আপনাকে আরও পেশাদার করে তোলে।’

ওয়ামিকার ঝুলিতে একটা স্বপ্ন ইতোমধ্যে চলে এসেছে। তিনি বলেন, ‘ভূত বাংলোর পর এখন আমার অক্ষয় কুমারের সঙ্গে একটি অ্যাকশন সিনেমাতেও কাজ করার ইচ্ছে। আশা করি, এই ইচ্ছাটাও আমার পূরণ হবে।’

এদিকে, ২০১৯ সালের বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি ‘পতি পতœী ঔর ও’ ফিরছে নতুন টুইস্ট নিয়ে! এই সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে আছেন ওয়ামিকা গাব্বি। দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘পতি পতœী অউর ঔর ওহ দো’-এর প্রথম টিজার। হাসির রোলারকোস্টার আর চূড়ান্ত ডামাডোলÑ সিনেমার প্রথম ঝলকেই স্পষ্ট, প্রেক্ষাগৃহে দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত আয়ুষ্মান খুরানা ও তার তিন নায়িকা। ফের একবার বড়পর্দায় ফিরছে ‘পতি পতœী অউর ও’-র ইউনিভার্স, তবে এবার প্রেক্ষাপটটা আরও কিছুটা গোলমেলে! একদিকে আয়ুষ্মান খুরানা, অন্যদিকে সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। সিনেমার টিজারেই ইঙ্গিত মিলেছে, এবার হাসির ঝড় তুলতে আসছে ‘পতি পতœী ঔর ওহ দো’। মুদাস্সর আজিজ পরিচালিত এই সিনেমা যেন নস্টালজিয়া আর নতুন নতুন টুইস্টÑ এই দুয়ের এক চমৎকার ককটেল।

প্রথমে শোনা গিয়েছিল, চলতি বছরের হোলিতে, অর্থাৎ ৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ১৫ মে প্রেক্ষাগৃহে আসছে ‘পতি পতœী ঔর ওহ দো’।

এই সিনেমা ছাড়াও চলতি বছর তিনটি বড় দক্ষিণ ভারতীয় প্রকল্প নিয়ে ব্যস্ত থাকছেন ওয়ামিকা গাব্বি। তাকে দেখা যাবে তেলেগু অ্যাকশন থ্রিলার ‘জিটু’, তামিল রোমান্টিক ড্রামা ‘ডিসি’ এবং মালয়ালম অ্যাকশন ড্রামা ‘টিকি টাকা’-তে। একাধিক ভাষার সিনেমাতে তার শক্তিশালী উপস্থিতি এ তারকাকে সত্যিকারের প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী হিসেবে আরও প্রতিষ্ঠিত করবে।