দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একক কনসার্ট। ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে এই মেগা কনসার্টের শিরোনাম রাখা হয়েছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
এর আগে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) ওপেন এয়ার ভেন্যুতে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিও সম্পন্ন হয়েছিল রেকর্ডের গতিতে। কিন্তু আইনি জটিলতা, সরকারি অনুমতি এবং নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত তারিখের মাত্র দুই দিন আগে আকস্মিকভাবে কনসার্টটি স্থগিত করা হয়। এতে চরম হতাশ হয়ে পড়েছিলেন ভক্তরা। তবে সে সময় আতিফ আসলাম এবং আয়োজক কর্তৃপক্ষÑ উভয়েই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারও ঢাকায় ফিরবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই সব বাধা কাটিয়ে এবার নতুন তারিখ ঘোষণা করা হলো।
সবচেয়ে স্বস্তির খবর হলো, যারা ২০২৫ সালের ডিসেম্বরের স্থগিত হওয়া কনসার্টের টিকিট কিনেছিলেন এবং পরবর্তীতে রিফান্ড (টাকা ফেরত) নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের টিকিটধারীদের সম্পূর্ণ ফ্রিতে নতুন টিকিট দেওয়া হবে। এর জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন ও যাচাই-বাছাই করা হবে এবং সফল আবেদনকারীদের ঠিকানায় নতুন টিকিট পৌঁছে দেবে আয়োজকরা।
‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ নিশ্চিত করেছে যে, এবারের কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সমস্ত সরকারি অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের চূড়ান্ত ভেন্যু এবং নতুন টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে।
দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এই জীবনমুখী ও সুফি গায়কের কণ্ঠের জাদু সরাসরি শুনতে এখন চাতক পাখির মতো চেয়ে আছেন ঢাকার লাখো ভক্ত। জুলাইয়ের বর্ষণমুখর সন্ধ্যায় আতিফের ‘তু জানে না’, ‘আদাত’ কিংবা ‘তেরে সাং ইয়ারা’র সুরে ঢাকা মেতে উঠবে, এমনটাই এখন সবার প্রত্যাশা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন