দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম সাংবাদিকতায় অবদানস্বরূপ পেলেন। মাদার তেরেসার ১১৫তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ২৬ আগস্ট রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ডের আয়োজন করে। সেখানে মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
এ সময় সাংবাদিকতায় মো. জাহিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত) ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
পুরস্কার সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, ‘আমাকে সম্মানিত করার জন্য আমি সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির প্রতি কৃতজ্ঞ। এই স্বীকৃতি কেবল আমার জন্য একটি পুরস্কার নয়- এটি একটি অনুপ্রেরণা। আমার কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তা আমাকে আমার কাজের প্রতি আরও কর্তব্যপরায়ণ হতে উৎসাহিত করবে। আমি এই পুরস্কার পেয়ে খুবই খুশি এবং সম্মানিত বোধ করছি।’
যশোরে জন্মগ্রহণ করা জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলা পত্রিকা দৈনিক সমাচারের মাধ্যমে ২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কাজ করেন ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডেতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। জাহিদুল বর্তমানে দেশের প্রধান ইংরেজি দৈনিকগুলোর মধ্যে অন্যতম দ্য ডেইলি সানে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে কর্মরত।
সাংবাদিকতায় অবদানস্বরূপ মো জাহিদুল ইসলাম আরও যে সকল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার-২০২৩, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪, বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫।
মো জাহিদুল ইসলাম বর্তমানে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকাদর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন