ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুর হাটে প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, ওরশ মেলার অজুহাতে গত তিন সপ্তাহ ধরে নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা নেওয়া হচ্ছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গরুপ্রতি খাজনা ৫৫০ টাকা নির্ধারিত থাকলেও বর্তমানে আদায় করা হচ্ছে ৬৫০ টাকা। ফলে প্রতি গরুতে ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা জানান, মেলাকে কেন্দ্র করে ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করছেন, যা নিয়মবহির্ভূত। এতে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
গরু ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, ‘আগে ৫৫০ টাকা খাজনা নেওয়া হতো। হঠাৎ গত তিন সপ্তাহ ধরে ৬৫০ টাকা নেওয়া হচ্ছে। আমরা দিতে বাধ্য হচ্ছি। প্রশাসন যদি ব্যবস্থা নেয়, আমরা উপকৃত হব।’ ক্রেতা মৌদুদ আহমেদ বলেন, ‘গরুপ্রতি ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। প্রশাসনের নজরদারি খুবই জরুরি।’
এ বিষয়ে ইজারাদার আবু বক্কর সিদ্দিক মানিক বলেন, ‘অতিরিক্ত খাজনা নেওয়া হচ্ছে, পারলে নিউজ করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, ‘নেকমরদ পশুর হাটের খাজনা নির্ধারিত আছে। তবে কেউ নির্ধারিত খাজনার চেয়ে বেশি আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন