রাজমিস্ত্রির কাজ করলেও প্রেমিকার কাছে পরিচয় দিয়েছিলেন বড় পুলিশ কর্মকর্তা হিসেবে। সেই মিথ্যা আড়াল করতে আর বিয়ের আগে প্রেমিকার আস্থা অর্জন করতে চেয়েছিলেন পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড)। কিন্তু সেই কার্ড বানাতে এসেই শেষ রক্ষা হলো না মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক যুবকের। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের ভেতরে অবস্থিত ‘আরটি প্রেস’ নামের একটি দোকানে যান। সেখানে তিনি নিজেকে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয় দিয়ে একটি আইডি কার্ড তৈরির অর্ডার দেন। কার্ডটি তৈরির সময় দোকান কর্মচারীদের মনে সন্দেহ জাগে। তারা কৌশলে প্রেসক্লাব এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে থলের বিড়াল।
জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর স্বীকার করেন, তিনি আসলে একজন রাজমিস্ত্রি। তবে তার প্রেমিকার কাছে তিনি নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে জাহির করতেন। সামনেই বিয়ে, তাই প্রেমিকা ও তার পরিবারের বিশ্বাস অর্জন করতেই তিনি এই ভুয়া আইডি কার্ড তৈরির ঝুঁকি নিয়েছিলেন।
সচেতন মহলের মতে, বিয়ের মতো পবিত্র সম্পর্কের শুরুতেই এমন জালিয়াতির আশ্রয় নেওয়া কেবল অপরাধই নয়, বরং সামাজিক অবক্ষয়েরও একটি প্রতিচ্ছবি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের দাবি, মোস্তাফিজুরের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। ওসি আরও বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন