নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু তাদের মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত পুকুরে তল্লাশি চালালে দুই ভাইয়ের নিথর দেহ ভেসে উঠতে দেখেন তারা। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
এদিকে দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে মাতম। প্রবাসী বাবার অনুপস্থিতিতে দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের মা। খবর পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন