কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা অবস্থান করছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইনানী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে পরিচালিত এ অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক পাচারকারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম বোরহান উদ্দিন (২৪)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সফির বিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন