ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাব পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৩:০৪ এএম

দীর্ঘদিনের জমি বিরোধের জেরে বরগুনার পাথরঘাটায় মো. আলম ফিটার (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন। বিরোধীয় জমির ওপর থাকা নারিকেল গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে রোববার বিকেলে উপজেলার চরলাঠিমারা গ্রামে আলম ফিটারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী ইলিয়াস, আল আমিন, মো. ইলিয়াস, মো. বেলায়েত ও মো. সাইফুলের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। রোববার আলম ফিটার বিরোধীয় জমির ওপর থাকা নারিকেল গাছ থেকে ডাব পাড়েন। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে এসে তর্কে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে আলম ফিটারের বাড়ির উঠানে তাকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে সোমবার সকালে আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ফোরকান বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না। সেই সুযোগে প্রতিপক্ষের লোকজন বাবার ওপর হামলা চালিয়েছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।’

আলম ফিটারের মেয়ে বলেন, ‘আমাদের সামনেই বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার দেখতে চাই।’ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।