বরগুনার পাথরঘাটা উপজেলায় চৌকি আদালতের কার্যক্রম সক্রিয় ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার পাথরঘাটা আইনজীবী সমিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ। সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

