সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নমুনা শস্য কর্তন এবং বিনা মূল্যে ফলদ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুর রহিম। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই খাদ্য নিরাপত্তার ভিত্তি। কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি ফলদ বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বোরো ধানের ফলন নিরূপণের লক্ষ্যে মাঠে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন