ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এক ট্রলারসহ ১৭ জেলে অপহরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৫৫ এএম

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন কটকা এলাকায় মাছ ধরার সময় ১৭ জেলেসহ একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা। অপহৃতদের মধ্যে ১২ জন জেলের নাম পাওয়া গেলেও বাকি ৫ জনের নাম এখনো জানা যায়নি। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে রুহিতা এলাকা থেকে তিনটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা গভীর সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে সুন্দরবনের কটকা এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র জলদস্যু ট্রলারগুলোতে অতর্কিত হামলা চালায়। পরে ১৭ জেলেসহ একটি ট্রলার জিম্মি করে দস্যুরা গভীর বনের দিকে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেনÑ ট্রলার মালিক মো. মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. ইয়াসিন (১৮), মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪), সুমন (৩০)সহ আরও কয়েকজন। সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রাম বলে জানা গেছে। ঘটনার পর থেকে নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনদের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনের কটকা এলাকা থেকে ১৭ জেলেসহ একটি ট্রলার জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। জেলেদের উদ্ধারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি।’

কোস্ট গার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর মোংলা ও পাথরঘাটা কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, ‘অপহরণের খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’