গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলসের শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জৈনা বাজার এলাকায় আধা ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকেরা জানান, গত এপ্রিল মাসের বেতন পরিশোধের দাবিতে তারা সকাল থেকে কারখানার সামনে অবস্থান নেন। পরে আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় বিকেলে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের মধ্যেই বকেয়া বেতন পরিশোধের শতভাগ আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। শিল্প পুলিশের ইনচার্জ স্বপন কুমার জানান, মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা সড়ক ছাড়লে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন