শিশু ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন ইসলামী বক্তা ও আমির হামজা। গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ মন্তব্য করেন। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বক্তব্যে আমির হামজা বলেন, দেশের বিদ্যমান আইনে রামিসা, আছিয়া, তানিয়ার মতো শিশুদের হত্যার সঠিক বিচার নিশ্চিত হবে না বলে তিনি মনে করেন। তিনি ধর্ষণ ও হত্যার বিচার বিষয়ে কঠোর শাস্তির দাবি জানান এবং বলেন, শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির মতো ব্যবস্থা থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, ধর্ষণ ও শিশুহত্যার মতো অপরাধ সমাজে ভয়াবহভাবে বাড়ছে এবং এ ধরনের অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। বক্তব্যে তিনি শাস্তির বিষয়ে ধর্মীয় আইন কার্যকরের প্রসঙ্গও উল্লেখ করেন। এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। উল্লেখ্য, তার এই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

