ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মরিয়ম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মালঝি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। মরিয়ম উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের হারেজ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলে বাড়ির পাশে খেলছিল মরিয়ম। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মালঝি নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

