ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফ্রি চিকিৎসাসেবা

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৩০ এএম

ভোলার মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘আল খিদমাহ লিল উম্মা’ নামক একটি ছাত্র সংগঠনের উদ্যোগে এবং এমবিবিএস চিকিৎসক ডা. মোহাম্মাদ জাবেদের তত্ত্বাবধানে এ সেবা দেওয়া হয়। ক্যাম্পে রোগীদের বিনা মূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করা হয়। প্রত্যন্ত দ্বীপাঞ্চলে এমন মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।