বগুড়ার দুপচাঁচিয়ায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. মকবুল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মকবুল হোসেনের নাতি ঘুম থেকে উঠে পুকুরপাড়ে তার দাদাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, ভোরে আম কুড়াতে গিয়ে অসাবধানবশত তিনি পুকুরে পড়ে যান। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

