ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

আগুনে পুড়ল বসতঘর

জয়দেব (বান্দরবান)
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪১ এএম

বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকার বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়-সংলগ্ন মার্কাস গলিতে অগ্নিকা-ে আটটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাড়াটিয়া ও সাবলেট মিলিয়ে অন্তত ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, সকাল ৯টার দিকে তার বাড়ির সামনে থাকা টিনশেড বসতঘরগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় তার চারতলা ভবনের বারান্দার থাই গ্লাস ভেঙে পড়ে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত তপন মল্লিক বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করছেন। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ে ঘর নির্মাণ করেছিলেন। কিন্তু আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, সকাল ৯টা ১২ মিনিটে অগ্নিকা-ের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।