ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিনজনের মৃত্যু

রংপুর ব্যুরো
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪৫ এএম

রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ও দুপুরে মহানগরীর ঘাঘট নদ এবং পীরগাছা উপজেলার একটি পুকুরে গোসল করতে নেমে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে পীরগাছায় আপন চাচাতো-জ্যাঠাতো ভাইবোন এবং নগরীতে এক কলেজ শিক্ষার্থী রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ গ্রামের দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। নিহতরা হলোÑ ওই গ্রামের সজীব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) ও শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সিহাব (২৬) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে নদীতে নেমে তীব্র স্রোতে বা অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।