ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের বাসিন্দা মো. মিজানের কন্যা এবং রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে গুরুতর আহত হয় মিরা। সাপের কামড়ের পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করাতে কিছুটা সময় অতিবাহিত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে দিনাজপুরের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই মিরার মৃত্যু হয়। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

