বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাফিয়া বেগম উপজেলার চামরুল ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের গ্যান্দা প্রামাণিকের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে ফেরার পথে মিয়াপাড়া গ্রামে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

