ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ফল মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:০৯ এএম

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে কৃষির আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চার দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা এবং জেলা ফল মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি কুড়িগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং দেশীয় ফল চাষ সম্প্রসারণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। তারা কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে কৃষকদের এসব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।